দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন, বহিষ্কার ১

দিনাজপুর প্রতিনিধি ►দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ১ লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৪২ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী। এছাড়া গাইবান্ধা জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন জানান, “পরীক্ষা সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। এদিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম দিনাজপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরীক্ষার পরিবেশ, সিসি ক্যামেরা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের তিনি বলেন, “এখন পর্যন্ত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকল কেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে। পরীক্ষায় অনুপস্থিতদের মধ্যে রংপুর জেলায় ১৮৯ জন, গাইবান্ধায় ১৬৩ জন, নীলফামারীতে ১৩০ জন, কুড়িগ্রামে ১২৮ জন, লালমনিরহাটে ৮১ জন, দিনাজপুরে ২৫৮ জন, ঠাকুরগাঁয়ে ১৩৩ জন এবং পঞ্চগড়ে ৯৬ জন রয়েছে। উল্লেখ্য, রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ২৮৩টি কেন্দ্রে ২ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
নিউজটি শেয়ার করুন