
অনলাইন ডেস্ক ►
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িতে দিনের তাপমাত্রা ৩৬ক্ক থেকে ৩৯ক্ক সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় তাপমাত্রা ৪০ক্ক সেলসিয়াস স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় জনস্বার্থে বেশ কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা:
দুপুরের রোদ এড়িয়ে চলা: সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। একান্ত প্রয়োজনে বাইরে বের হতে হলে ছাতা বা টুপি ব্যবহার করুন।
পর্যাপ্ত পানি পান: শরীর আর্দ্র রাখতে বারবার পানি পান করুন। তবে একদম বরফ ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকাই ভালো। ডাবের পানি, স্যালাইন বা ফলের রস পান করতে পারেন।
হিটস্ট্রোকের ঝুঁকি: দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে বা কাজ করা থেকে বিরত থাকুন। শরীরে দুর্বলতা, মাথা ঝিমঝিম করা বা তীব্র মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। তীব্র গরমের এই সময়ে বয়স্ক এবং শিশুদের বিশেষ যত্নে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।