
বিনোদন ডেস্ক ►
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও থেমে থাকেননি বিনোদন জগতের তারকারা। দলীয় মনোনয়ন বঞ্চনার সেই অধ্যায় পেরিয়ে এবার তারা নজর দিয়েছেন সংরক্ষিত নারী আসনের দিকে।
গত শনিবার (১১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে দলীয় প্রতীকে ভোটের মাঠে লড়তে মনোনয়ন কিনেছিলেন এই গায়িকা। কিন্তু শেষ পর্যন্ত এই আসন থেকে দলটি মনোনয়ন দেন সেলিম রেজাকে।
এবার মনোনয়ন ফরম সংগ্রহ করে কনকচাঁপা বলেন, দলে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। সংসদে দাঁড়িয়ে জনগণের দুঃখের কথা বলতে চাই।
অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতে তিনি সংসদ সদস্য হতে আগ্রহী। রিজিয়া পারভীন ফরম জমা দেওয়ার পর গণমাধ্যমকে বলেন, দল ত্যাগীদের মূল্যায়ন করবে। ত্যাগীদের পাশাপাশি মেধাবী ও যোগ্যতা সবকিছু মিলায়ে আমি আশাবাদী।
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ, ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ফারহানা চৌধুরী বেবী। বর্তমানে তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।