
অনলাইন ডেস্ক ►
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ১ জন ও ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এরমধ্যে ঢাকা জেলার চারজন হামের উপসর্গ নিয়ে মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয় ১৬৪ জনের।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ১২৯ জনের। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের। অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১১ হাজার ৬৫২ জন। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৪ জন।