
অনলাইন ডেস্ক ►
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ উল্টে গিয়ে ডুবে গেছে। মঙ্গলবার এ ঘটনার পর জাহাজটির ১৪ জন ক্রু সদস্যের সবাইকে ইয়েমেনি বাহিনীগুলো উদ্ধার করেছে। এই নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় ও একজন ইয়েমেনি। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এমএসভি ফাইজে নূরে অলিয়া ইয়েমেনের হুতিদের অধিকৃত বন্দর শহর হোদেইদাহ থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়।
হুতি বিরোধী ইয়েমেনি ন্যাশনাল রেজিট্যান্স ফোর্স (গার্ডস অব দ্য রিপাবলিক নামেও পরিচিত) এক বিবৃতিতে বলেছে, নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর ইউনিটগুলো যৌথ অভিযান চালিয়েছে। ইয়েমেনের জলসীমার কাছে বিনাউস্কানিতে জাহাজটিতে হামলা চালানোর তীব্র নিন্দা করেছে ভারত। দেশটির বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সানোয়াল জানিয়েছেন, ভারতীয় জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে আর তাতে জাহাজটি উল্টে গিয়ে ডুবে গেছে। ইয়েমেনি কোস্টগার্ড নাবিকদের উদ্ধারের পর ইয়েমেনের মোখা বন্দরে নিয়ে গেছে বলে এক্সে দেওয়া বিবৃতিতে লিখেছেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানিয়েছে, তাদের রিয়াদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর নাবিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলছে। ভারত তাদের জাহাজের ওপর চালানো এই হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
গত মাসে ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোর্ষণা দেয়। এর মধ্যদিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের সম্ভাব্য একটি নতুন ক্ষেত্র যুক্ত হয়েছে। হুতিদের এই পদক্ষেপ হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছে আর এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ আরও বিঘ্নিত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।