
অনলাইন ডেস্ক ►
প্রায় দুই সপ্তাহের দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। তবে মূল বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে নয়, এই সফরে সফরকারীরা মুখোমুখি হবে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট এবং অনূর্ধ্ব-২৩ দলের। মঙ্গলবার মালয়েশিয়া দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের ম্যাচগুলো ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে চলতি বুধবারই ঢাকায় এসে পৌঁছাবে মালয়েশিয়া ক্রিকেট দল। দুই দিন অনুশীলন সেশন সেরে তারা মূল লড়াইয়ে নামবে। সূচি অনুযায়ী, সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী ৮ আগস্ট (শনিবার) দুপুর ২টায় প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল। পরবর্তীতে ১০ আগস্ট (সোমবার) একই মাঠে ও একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। ১২, ১৪ ও ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলোতে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়। মূলত আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান গেমসের বাছাইপর্বকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে বিসিবির কাছে সফরের আবেদন জানিয়েছিল মালয়েশিয়া। সহযোগী ক্রিকেট দেশকে সহায়তার অংশ হিসেবে বিসিবি তাদের আবেদনে সাড়া দিয়ে এই সিরিজটি আয়োজন করে।