
আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
অবশেষে নওগাঁয় উৎসব ও আনন্দমুখর এবং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে, বৈষম্যহীন নতুন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও একটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহষ্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) কোন হানাহানি ব্যতিত সকাল সাড়ে ৭টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নওগাঁর ১১টি উপজেলার ৭৮২টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনেক বছর পর একটি মনোরম ও ভয়ভীতিহীন পরিবেশে হাসি মাখা মুখে ভোট প্রদান করে জেলার সকল শ্রেণিপেশার মানুষরা। ছেলেদের সহযোগিতায় ৯৬বছর বয়সের বয়োবৃদ্ধসহ শারীরিক প্রতিবন্ধী মানুষরাও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেছেন। ভোটকে কেন্দ্র করে যেন কেউ কোন ধরণের অরাজকতা সৃষ্টির কোন সুযোগ না পায় সেই জন্য পুরো জেলাকে নিরাপত্তার চাঁদরে মুড়িয়ে রেখেছিল জেলা পুলিশ। এছাড়া দলবল সহকারে জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের ঝটিকা সফর ভোটারদের মাঝে ভিন্ন ধরণের এক সাহস ও অনুপ্রেরণার সৃষ্টি করেছিল।
জেলার ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬টি আসনে ভোটার ছিলো ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলো ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার ছিলো ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো মোট ২১জন।
ভারতীয় সীমান্ত ঘেঁষা নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) ভোটকেন্দ্র ১৬৬টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা: মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।
ভারতীয় সীমান্ত ঘেঁষা নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ১লাখ ৩৪ হাজার ৫৩৩।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো. ফজলে হুদা বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছে।
নওগাঁ-৪ (মান্দা) ভোটকেন্দ্র ১১৭। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডা. ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮১৪ ভোট পেয়েছে।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) ভোটকেন্দ্র ১১৮টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) ভোটকেন্দ্র ১১৫টি আসন। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম রেজু ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছে।