
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে নির্বাচনী সহিংসতায় তিন সহোদর ভাইসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ফজলুপুর ইউনিয়নের চর কৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতরা স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের (হাঁস মার্কা) সমর্থক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিন ভাই হলেন, চর কৃষ্ণমণি গ্রামের মৃত এনায়েত মেম্বারের ছেলে আবুল হাসেম (২৭), হারুন মিয়া (৩২) ও আব্দুল হামিদ (৪৫)। এদের মধ্যে আবুল হাসেমের অবস্থা আশংকাজনক। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষা করার সময় হাঁস মার্কার সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। আহত আব্দুল হামিদের অভিযোগ, আমরা ভোট দিয়ে বাইরে অপেক্ষা করছিলাম। এ সময় পূর্ব বিরোধের জেরে ফজলুপুর ইউনিয়ন বিএনপির মিজানুর রহমান মিলনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নৌকাযোগে নদীর পশ্চিম তীরে আসে। পরে এম্বুলেন্সে করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ঘটনাটি কেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও সেখানে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।