
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সাঘাটায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে বাশেদ আলী (৬৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত বাশেদ আলী উপজেলার মধ্য ওসমানেরপাড়া কুদ্দুর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়, বাশেদ আলী সকালে ভোট দিতে আসেন। কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাহিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে বাশেদ আলী অসুস্থ হন। পরে তিনি মারা যান। নিহত বাশেদ আলীর ছোট ভাই সাইদুর রহমান কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট ছিলেন। বড় ভাই মারা যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি জানিয়ে অন্যকে এজেন্ট দিয়ে চলে গেছেন। এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির জানান, বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।