
অনলাইন ডেস্ক ►
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। বিআরটিএ সূত্র জানিয়েছে, এই বাড়তি ভাড়াহার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না। ট্রাক–কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না। ফলে পণ্যবাহী যানবাহন ও এসি বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়াহার কার্যকর হবে না।
বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ৫২ আসনের বড় বাস এবং ৩০ আসনের মিনিবাস ধরে ভাড়াহার নির্ধারণ করা হয়েছে। তবে দূরপাল্লার পথে অনেক পরিবহনে ৫২ আসনের বাসের আসন কমিয়ে আরামদায়ক করা হয়। সে ক্ষেত্রে ভাড়ার তারতম্য হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, দূরপাল্লার পথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৫০ কিলোমিটারের কাছাকাছি। এই পথে ৫২ আসনের বাসের ভাড়া বাড়বে ৪০ টাকার কিছু বেশি। কিন্তু আরামদায়ক করার জন্য ৪০ আসনে নামিয়ে আনা বাসের ভাড়া আরও বেশি বাড়বে। সব ধরনের বাসের ভাড়ার সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত করা হয়।
বিআরটিএ সূত্র বলছে, দূরপাল্লা এবং শহরের কোন পথে, কত দূরত্বে ভাড়া কেমন হবে— এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে এর জন্য দু–এক দিন সময় লাগবে। এদিকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়াসহ বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসে সোমবার থেকেই বাড়তি ভাড়া আদায় শুরু করে দিয়েছেন পরিবহন মালিক–শ্রমিকেরা। কোথায় কোথাও ১০০ টাকা কিংবা তারও বেশি ভাড়া বাড়ানো হয়েছে।
বাসের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য খরচ যুক্ত করা হয়। তবে এবার অন্যান্য খরচ যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, ততটুকুই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি বৃদ্ধি পায় এক পয়সা। এবার ডিজেলের মূল্য লিটারে ২০ টাকা বেড়েছে। বিআরটিএ কিলোমিটার প্রতি ভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় তা কমিয়ে ১৭ পয়সা করার সিদ্ধান্ত দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া বৃদ্ধির বিষয়ে বৈঠক হয়। এতে পরিবহনমালিক–শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এর আগে পরিবহনমালিক–শ্রমিকনেতারা মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বৃদ্ধির আবেদন জানান। রোববার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন– চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হয়েছে।
এটি দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রোল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন সোমবার রাতে বলেছিলেন, জ্বালানির দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে। প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া দুই টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৭৩ পয়সা হবে। তিনি বলেন, আমাদের প্রস্তাব আমরা বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।