.jpg)
রংপুর,বগুড়া প্রতিনিধি ►
দেশে জ্বালানি তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতের ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিলে থেকে “তেল দাও, সেবা দাও-নইলে গদি ছেড়ে দাও, তেলের সরবরাহ নিশ্চিত করো-মানুষের ভোগান্তি বন্ধ করো, তেলের দাম কমিয়ে দে- নইলে গদি ছেড়ে দে” এমন শ্লোগান দেন বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান।
সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল বলেন, বিএনপি ফুটবল খেলার মতো সরকার গঠনের মাত্র ৬-৭ মাসের মধ্যে তেল গ্যাসের দাম বৃদ্ধিতে হ্যাট্রিক করেছে। জাতীয় সংসদ চলাকালীন তারা তেলের দাম বৃদ্ধি করার সাহস পায়নি। কেননা তেলের দাম বৃদ্ধি হলে আমাদের পক্ষ থেকে সংসদে সমালোচনা করা হতো। তাই অনেকটা নিরবে নিভৃতিতে তারা তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে।
সারাদেশের হিসেব অনুযায়ী শুধুমাত্র গাড়ি থেকে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় করবে সরকার। এই ২০ টাকা সরকারের কাছে বেশি না হলেও আমাদের কাছে দেশের মানুষের কাছে অনেক বেশি। তারা এই কয়েক মাসেই কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তারা ২০০১-২০০৬ সালে পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। আবারো দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। তিনি এসময় অবিলম্বে তেলের দাম কমিয়ে আনার জন্য সরকারের কাছে আহবান জানান।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর আয়োজনে সারাদেশে দফায় দফায় জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । সোমবার বিকেল সাড়ে ৫টায় বগুড়া আইন কলেজ মাঠে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, এড আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, এড. শাহিন মিয়া, এড নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সরকার ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তেলের দাম বাড়ানো মানে কেবল পেট্রোল বা ডিজেলের দাম বৃদ্ধি পাওয়া নয়, এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর। তেলের দাম বাড়ার সাথে সাথেই আজ সকাল থেকে বাজারে চাল, ডাল, তেল, শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে। গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়া এক লাফে ৫ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে সরকার বলেছে কৃষক বান্ধব সমাজ গড়বে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কৃষক সমাজ কে ধোকা দিয়েছে। সার সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জমি সেচ দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। সরকার জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি করে সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে সকল অব্যবস্থাপনা, অপচয় এবং দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর এই অতিরিক্ত খরচের বোঝা চাপানো হচ্ছে। তিনি অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে আইন কলেজ হতে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পুলিশ প্লাজায় এসে শেষ হয়।