
নওগাঁ প্রতিনিধি ►
“শান্তিতে বিনিয়োগ করুন-সবার জন্য সর্বত্র প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা চত্বরে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পিএফজি কো-অর্ডিনেটর মো. পাভেল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আম্বাসিডর এ এস এম ফজলুল বারী হারুন, উপজেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি কাজী মোজাফফর হোসেন, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মো. বিশাল এবং পিএফজির সদস্য মো. সালমান বাসার প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে একাত্মতা প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। স্থানীয় পর্যায়ে সংঘাত নিরসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য শান্তিতে বিনিয়োগের বিকল্প নেই। তারা সমাজের সব স্তরের মানুষকে শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।