Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বৈদ্যুতিক পোলে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

বৈদ্যুতিক পোলে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

আব্দুর রউফ রিপন, নওগাঁ  ►
নওগাঁয় একটিমাত্র বৈদ্যুতিক পোলের কারণে বছর ধরে বন্ধ রয়েছে আঞ্চলিক সড়কের উন্নয়নের কাজ। ফলে অত্যন্ত ব্যস্ততম সড়কের এক লেন দিয়ে উভয় দিকে যাতায়াত করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। এতে করে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমন সমস্যার কারণে আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নওগাঁবাসী।

নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে জেলার ৬টি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ প্রায় শেষের দিকে। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার বদলগাছি হয়ে পত্নীতলা, ধামইরহাট উপজেলার সঙ্গে যোগাযোগ এবং পাশ^র্বতি জয়পুরহাট, বগুড়া জেলাসহ আন্ত:জেলায় চলাচলের অন্যতম একটি সড়ক হচ্ছে বালুডাঙ্গা বদলগাছি আঞ্চলিক সড়কটি। এছাড়া শহরের বাইপাস সড়ক থেকে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে শহরের অভ্যন্তরে যোগাযোগের একমাত্র সড়ক এটি।

এই সড়কের পাশে জেলখানা ও পাসপোর্ট অফিসসহ অনেক গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনা রয়েছে। যার কারণে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক এটি। কিন্তু সড়কটির বরুনকান্দি মোড় সংলগ্ন স্থানে সড়কের পূর্বপাশে মাঝখানে একটি বৈদ্যুতিক পোল থাকার কারণে বছরের বেশি সময় পার হলেও ওই অংশটুকুতে সিসি ঢালাইয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করা সম্ভব না হওয়ার কারণে বর্তমানে ওই অংশটুকু সড়ক বন্ধ হয়ে আছে। ফলে সামান্য এই অসম্পন্ন কাজের কারণে দুই লেন সড়কের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে হাজার হাজার পথচারী। ফলে একই পাশ দিয়ে উভয় দিকের ছোট-বড় যানবাহনসহ পথচারীরা চলাচলের সময় নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই দ্রুত ওই বৈদ্যুতিক পোল সরিয়ে সড়কের কাজটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন নওগাঁবাসী।

শহরের বরুনকান্দি গ্রামের বাসিন্দা ও পথচারী মো: আজিজুল ইসলাম জানান জেলার উত্তর দিকের অঞ্চলের সঙ্গে নওগাঁ শহরের যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে এই জেলখানা সড়কটি। কিন্তু কয়েক বছর পার হলেও একটিমাত্র বৈদ্যুতিক পোলের কারণে সড়কের সামান্য অংশে ঢালাই না হওয়ার কারণে কোটি টাকা ব্যয়ে প্রশস্ত করা আধুনিক সড়কের সুবিধা এই অঞ্চলের মানুষরা পাচ্ছেন না। বর্তমানে সড়কের এক লেন দিয়ে ছোট-বড় যানবাহনসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন এবং ঘটছে নানা দুর্ঘটনা। তাই বৈদ্যুতিক পোলটি সরিয়ে সড়কটি মেরামত করে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুরোধ জানান এই পথচারী।

নেসকো নওগাঁর দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর জানান বিষয়টি কেউ তাকে অবগত করেননি। তিনি খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পোলটি সরিয়ে সড়কের অসমাপ্ত কাজটি সম্পন্ন করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।  

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ জানান সড়কের মধ্যে থাকা বৈদ্যুতিক পোল সরানোর জন্য অর্থের প্রয়োজন হয়। পোল সরানোর জন্য প্রয়োজন অর্থ সংশ্লিষ্ট বিভাগকে দিলেই তবেই তারা পোল সরানোর কাজ করেন। ওই পোলটি সরানোর অর্থ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। অর্থ পেলেই পোলটি সরানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পোলটি সরিয়ে সড়কটির অসমাপ্ত কাজটি শেষ করার কথা জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad