
বগুড়া প্রতিনিধি ►
সোমবার বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ভোররাতে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সকালে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সেকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, ভোররাতে সাড়ে ৪টার দিকে পাঁচজনকে নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। তারা দুজনই বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা। আহত হন চালক সহ আরো ৪ জন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।অপর দিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ নিয়ে স্বজনরা সকালে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়ার রানীরহাট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সটির সঙ্গে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কা লাগে।
এতে অ্যাম্বুলেন্সে থাকা মোছা. খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।