Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নীলফামারীতে ১ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে চীনা প্রতিনিধিদের সমীক্ষা শুরু

নীলফামারীতে ১ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে চীনা প্রতিনিধিদের সমীক্ষা শুরু

শাহজাহান আলী মনন, নীলফামারী
উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। হাসপাতাল নির্মাণে শনিবার (৯ মে) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে প্রাথমিক সমীক্ষা শুরু করেছে চীনা প্রতিনিধি দল। দলনেতা ডং লি- এর নেতৃত্বে ৬ সদস্যের এই কারিগরি প্রতিনিধি দল দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় পৌঁছান।

তারা মূলত এই প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জায়গার প্রাথমিক সমীক্ষা করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার ২৯২ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে ২ হাজার ২১৯ কোটি টাকা। পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা বলেন, এখানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমিটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলো, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালে ১০০০ শয্যার মধ্যে ৫০০টি থাকবে সাধারণ বেড এবং বাকি ৫০০টি হবে সম্পূর্ণ বিশেষায়িত। সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকসহ নীলফামারী জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নীলফামারীর উত্তরা ইপিজেড কর্তৃপক্ষ ও সেখানে অবস্থিত চীনা কোম্পানির কর্তৃপক্ষ, সংবাদ কর্মী, সূধীজন অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad