
অনলাইন ডেস্ক ►
দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র সর্দারবাড়ির খেলা। তবে ছবির মুক্তিকে ঘিরে যে ধরনের প্রচারণা বা উৎসবমুখর পরিবেশ থাকার কথা ছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। বিশেষ করে ছবির প্রধান দুই অভিনয়শিল্পী জিয়াউল রোশান ও শবনম বুবলী ছবিটির প্রচারণায় অংশ না নেওয়ায় বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে নানা গুঞ্জন।
২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির প্রাথমিক নাম ছিল পুলসিরাত। শুটিং এবং নির্মাণকালীন সময়ে ছবিটির গল্প ও মান নিয়ে রোশান ও বুবলী দুজনই সামাজিক মাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু মুক্তির আগমুহূর্তে তাদের এই রহস্যজনক নীরবতা দর্শকদের ভাবিয়ে তুলেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা ছবিটির ট্রেলার বা টিজার শেয়ার করে দর্শকদের আমন্ত্রণ জানাননি।
কেন প্রচারণা থেকে দূরে রয়েছেন-এমন প্রশ্নের জবাবে নায়ক জিয়াউল রোশান গণমাধ্যমকে জানিয়েছেন তার ক্ষোভের কথা। তিনি দাবি করেন, ছবিটির জন্য চুক্তিবদ্ধ হওয়া পারিশ্রমিকের পুরো টাকা তিনি এখনো পাননি। এছাড়া ছবিটির মুক্তি এবং প্রচারণার পরিকল্পনা নিয়ে নির্মাতারা তার সাথে কোনো প্রকার যোগাযোগ বা আলোচনা করেননি। যথাযথ সম্মান ও পাওনা না পাওয়ায় তিনি এই নীরবতার পথ বেছে নিয়েছেন। অন্যদিকে, নায়িকা শবনম বুবলী এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ রয়েছেন। তিনি কোনো সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমে ছবিটির বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
বাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি লাঠিখেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সর্দারবাড়ির খেলার কাহিনী। লাঠিয়ালদের জীবনযাত্রা, তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সম্পর্কের নানা টানাপোড়েন পরিচালক পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বুবলী-রোশান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম এবং সাঈদ হাসান রাজা। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হলেও প্রচারণার অভাবে প্রথম দিনে দর্শক উপস্থিতি ছিল একেবারেই কম।