
পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার ►
দিনাজপুরের পার্বতীপুরে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন চাঁদাবাজীতে অতিষ্ঠ রেল কর্মচারীরা। আজ শনিবার সাড়ে ৩ টায় পার্বতীপুর রেলওয়ে জংশন চত্বরে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় বক্তব্য রাখেন রেলকর্মচারী ইমাম হোসেন, টলিম্যান আবুল বাসার ও আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা চাঁদাবাজ, দখলবাজ ও মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবী জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে রেলে পশ্চিমঞ্চলে বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে বলে তারা জানান।
পার্বতীপুর রেলওয়ের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী (ওয়াকর্স) রাজা আলী শেখ বলেন, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তার দপ্তরে গিয়ে দুই লাখ টাকার চাঁদা দাবি করে কয়েকজন যুবক। চাঁদা না পেয়ে তারা তাকে প্রাণনাশের ও কিভাবে পার্বতীপুরে চাকুরী করেন তা দেখের নেয়ার হুমকি দেন। তিনি এঘটনায় আজ শনিবার রেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। পার্বতীপুর রেলওয়ের থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, এঘটনায় পার্বতীপুর রেলওয়ের উদ্ধর্তন উপ- সহকারি প্রকৌশলী (ওয়াকর্স) মো: রাজা আলী শেখ একটি লিখিত অভিযোগ করেন। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।