
অনলাইন ডেস্ক ►
৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মস্কোর রসিয়া থিয়েটারে অনুষ্ঠিত উৎসবের রেড কার্পেটে তিনি বিদেশি ব্র্যান্ডের পরিবর্তে বেছে নিয়েছিলেন দেশীয় ঐতিহ্যবাহী সিঁদুর লাল কাতান ওভারকোট।
এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে-যুবরাজ শামীমের ‘অতল’ এবং আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। দ্বিতীয়টিতে প্রধান চরিত্র ‘প্রিন্সেস রোজি’ হিসেবে অভিনয় করেছেন ভাবনা। নিজের শিল্পকর্মের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত এই তারকা। ২৩ এপ্রিল পর্দা নামবে এই উৎসবের।