Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৪ মিনিট আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নাটোরের হান্নানের দুম্বা খামারে এখন সফলতার হাতছানি

নাটোরের হান্নানের দুম্বা খামারে এখন সফলতার হাতছানি

নাটোর প্রতিনিধি ►

চারটি দুম্বা দিয়ে শখের বশে শুরু করেছিলেন যাত্রা, আর আজ সেই খামারে দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশতাধিক দুম্বা। নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে গড়ে ওঠা হান্নান সরকারের এই খামার এখন সফলতার অনন্য দৃষ্টান্ত। প্রাণীর প্রতি ভালোবাসা আর ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলা এই খামার বর্তমানে অনেকের কাছেই আয়ের নতুন পথ দেখাচ্ছে।

২০১৩ সালে বাণিজ্যিকভাবে দুম্বা পালন শুরু করেন হান্নান সরকার। ৩২ বিঘা জমির ওপর বিস্তৃত তাঁর এই খামারে এখন দুম্বার পাশাপাশি ছোট জাতের গরু, বিদেশি ছাগল ও গাড়লসহ প্রায় ৪০০টি প্রাণী রয়েছে। দুই ভাই আনোয়ার ও ফেরদৌসের সহযোগিতায় তিনি এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। শুরুতে মাত্র চারটি দুম্বা দিয়ে যাত্রা শুরু হলেও, এখন পর্যন্ত এখান থেকে শতাধিক দুম্বার জন্ম হয়েছে।

খামারের শ্রমিক সাঈম ও অন্তত জানান, দুম্বা অত্যন্ত শান্ত স্বভাবের প্রাণী। মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশের আবহাওয়ায় এগুলো বেশ মানিয়ে নিয়েছে। গরু-ছাগলের মতোই ঘাস, খড় ও ভুসি খেয়ে এরা বেড়ে ওঠে। হান্নান সরকার জানান, গরুর তুলনায় দুম্বা পালনে খরচ অনেক কম। একটি গরুর খাবারের খরচ দিয়ে অনায়াসেই আট থেকে ১০টি দুম্বা পালন করা সম্ভব।

গত কোরবানির ঈদে এই খামার থেকে ৬২টি দুম্বা বিক্রি হয়েছে। এছাড়া নিয়মিত মাসে আট থেকে ১০টি দুম্বা বিক্রি হয়। আকার ও জাতভেদে প্রতিটি দুম্বার দাম এক লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক দুম্বার ওজন দেড় থেকে চার মণ পর্যন্ত হতে পারে। হান্নানের সাফল্য দেখে এলাকার অনেক তরুণ এখন দুম্বা পালনে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকে তার খামার থেকে দুম্বা কিনে ছোট পরিসরে খামারও শুরু করেছেন। 

এ বিষয়ে নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন বলেন, “বাংলাদেশে এখন দুম্বা পালন একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠছে। আমরা প্রাণিসম্পদ কার্যালয় থেকে খামারিদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে সব ধরনের সহযোগিতা করছি।” স্বশিক্ষিত ও সাহসী এই উদ্যোক্তা মনে করেন, শিক্ষিত তরুণেরা যদি পরিকল্পিতভাবে দুম্বা পালন করেন, তবে খুব সহজেই তারা স্বাবলম্বী হতে পারেন এবং দেশের প্রাণিসম্পদ খাতে বড় অবদান রাখতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad