Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৩ মিনিট আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা

অনলাইন ডেস্ক ►

পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে দেশটির ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বন্ধ রাখা হয়েছে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। ভূমিকম্পের পর এক ডজনের বেশি আফটারশক অনুভূত হয়েছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে পানামার দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। এতে হতাহতের আশঙ্কা রয়েছে। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর একের পর এক মৃদু কম্পনে আতঙ্কিত হয়ে রাস্তায় জড়ো হয়েছেন বাসিন্দারা। এ সময় কয়েকজন বয়স্ক মানুষকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

দক্ষিণ পানামার হেরেরা প্রদেশের ৭৪ বছর বয়সি বাসিন্দা রিকার্ডো ব্রাউন বলেন, ‘আমরা ভয়ে আছি। এখানে আমরা দুজন বয়স্ক মানুষ ছাড়া আর কেউ নেই। বাড়িতে ফাটল ধরেছে। ভয় হচ্ছে, এটি আমাদের ওপর ভেঙে পড়তে পারে।’ তিনি জানান, লাস মিনাস এলাকায় ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নাতুরগির তথ্য অনুযায়ী, পানামার ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আঞ্চলিক বিমান যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

ভূমিকম্পের পর রাজধানী পানামা সিটিতে যান চলাচলে তীব্র জট সৃষ্টি হয়। ভবনগুলোর সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন অফিস থেকে কর্মীদের আগেভাগে ছুটি দেওয়া হয়। শহরটির মেট্রো রেল চলাচলও বন্ধ রাখা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগেভাগে ছুটি ঘোষণা করায় ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে দেখা যায়। দেশজুড়ে ক্লাস স্থগিত করা হয়েছে। ইউএসজিএসের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পের কারণে পানামার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

ভূমিকম্পের পর রাজধানী পানামা সিটির বিভিন্ন ভবন থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়। উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই শহরে কম্পন থামা পর্যন্ত অনেককে রাস্তায় ও কাছের পার্কগুলোতে অবস্থান করতে দেখা যায়। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়েছে, প্রতিবেশী দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেতেও কম্পন অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ও রাজধানী পানামা সিটির মাঝামাঝি অবস্থিত পেনোনোমে শহরে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। রয়টার্সের যাচাই করা ভিডিওতে একটি গির্জা ও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত এবং কিছু স্থাপনা ধসে পড়তে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad