Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৫ মিনিট আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হেমন্তের আগেই শীতের আগমনি বার্তা

হেমন্তের আগেই শীতের আগমনি বার্তা

অনলাইন ডেস্ক ►

বিদায় নিচ্ছে শরৎ আসছে হেমন্ত। এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে এসে গেছে শীতের আগমনি বার্তা। এদিকে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও এখনো দিনের বেলায় ভ্যাপসা গরম ভোগাচ্ছে মানুষকে। বিভিন্ন স্থান থেকে পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশের কিছু অঞ্চলে বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে প্রকৃতির মাঝে আগাম শীতের আগমনি বার্তা স্পষ্ট হয়ে উঠছে। 

যেমন পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এখানে মধ্যরাতের পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়ছে এবং শেষ রাতে ও ভোরের দিকে কুয়াশা ও শিশির জমছে। এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমে ২০ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও অন্যান্য অঞ্চলের তুলনায় তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। এ মাসের শুরু থেকেই সেখানে ভোরের দিকে পাহাড়ি কুয়াশার চাদর দেখা যাচ্ছে, যা শীতের আগমনি বার্তা দিচ্ছে। কুমিল্লার গ্রামীণ ও শহরতলি এলাকাগুলোতেও ভোরের দিকে ঘন কুয়াশা ও ঘাসের ডগায় শিশির বিন্দু দেখা যাচ্ছে। হালকা হিমেল বাতাসের কারণে এ অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এখন থেকে পরিষ্কার হতে শুরু করবে আকাশ। সেই সঙ্গে কমতে শুরু করবে তাপমাত্রা। ১৩ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। 

মাসের মাঝামাঝি থেকে কিছুটা শীতের আমেজ পেতে পারে দেশবাসী। তার আগের কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে। তবে এল-নিনোর (প্রশান্ত মহাসাগরের পানির উষ্ণতা বৃদ্ধি) প্রভাবে এবার শীতের দাপট খুব একটা থাকবে না বলেই মনে করছেন জলবায়ু বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন জলবায়ু মডেল ও আবহাওয়া সংস্থার তথ্য বিশ্লেষণ করে তিন মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বগুড়া : দুই দিনের বৃষ্টিতে বগুড়াসহ উত্তরের জেলাগুলোর আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। দিনের বেলায় ভ্যাপসা গরম থাকলেও রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে হালকা শীত। ভোরে সবুজ ঘাসে জমছে শিশির। বগুড়া আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ (চলতি দায়িত্ব) আশেকুর রহমান জানান, বগুড়াসহ এ অঞ্চলে শীত আসতে প্রায় দেড় মাস দেরি আছে। দুদিন বৃষ্টিপাতের ফলে আবহাওয়ায় কিছুটা শীতল অনুভূতি তৈরি হয়েছে। তবে প্রকৃত শীত শুরু হতে আরও সময় লাগবে।

রংপুর : বিভাগের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে শুরু করেছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত শিশির বিন্দুর সঙ্গে শীতের আমেজ দেখা দিয়েছে। কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও নদীপাড়ের মানুষের ছিল দুশ্চিন্তা। উত্তরের অধিকাংশ জেলায় রাতে ঠান্ডার প্রকোপ বাড়ছে। অনেকে শেষ রাতের দিকে পাতলা কাঁথা গায়ে দিচ্ছেন। পঞ্চগড় : উত্তরের শেষ সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কড়া নাড়ছে শীতের আগাম বার্তা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছরই দেশে সবার আগে পঞ্চগড়ে শীতের আগমন ঘটে আবার শীত শেষ হয় সবার শেষে।

কয়েক দিন ধরে শেষ রাতে ও সকালে হালকা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। দিনের বেলায় মিষ্টি রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই বইতে শুরু করে হিমেল হাওয়া, কমতে থাকে তাপমাত্রা। এ ছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে মাঠের সবুজ ঘাস ও ধানের পাতায় জমছে শিশির বিন্দু। তবে এখনো শীতের কাপড় বের করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad