Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

দিনাজপুর প্রতিনিধি  জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  আজ শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে জেলা জামায়াতের উদ্যোগে এ গণমিছিল বের করা হয়। গণমিছিলের আগে ইনস্টিটিউট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য আফতাব উদ্দিন মোল্লা। এ সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন মোল্লা বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে যে গণরায় দিয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্টদের। জনগণের দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের মানুষ মেনে নেবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পরে প্রধান অতিথি আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্বে গণমিছিলটি দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’, ‘গণভোটের রায় নিয়ে কোনো টালবাহানা চলবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন। গণমিছিলে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে বিভিন্ন সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad