
বোনারপাড়া প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের কবরস্থান নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গত মঙ্গলবার বিকেলে কবরস্থানে উপস্থিত হয়ে তিনি নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
জানা গেছে, জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের কবরস্থানটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে কবরস্থানটি যথাযথভাবে নির্মাণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে শহীদ সজলের মা শাহীনা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, এর আগে জেলা পরিষদ থেকে কবর সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, কবর সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টি আমি জেনেছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সজলের কবরস্থানটি যথাযথভাবে নির্মাণ ও সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নির্মাণকাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে এবং অতীতে বরাদ্দের অর্থ নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।