Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য আদিবাসী পল্লী

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য আদিবাসী পল্লী

সুলতান মাহমুদ, দিনাজপুর►
দিনাজপুর নবাবগঞ্জের একটি আদিবাসী পল্লীতে চুরির প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া (৩৫) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশি গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ পুরুষ বাসিন্দা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। ফলে পুরো পল্লীটি এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

রবিবার (১৪ জুন) ভোরে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের শ্যামপুর টঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হীরা মিয়া একই ইউনিয়নের জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন এবং দুই সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং পূর্বে একটি মামলায় কারাভোগও করেছেন।স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনীল টুডু তাঁর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন। ঘর থেকে বের হয়ে তিনি জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। এ সময় তাকে আটক করে আশপাশের লোকজনকে ডাক দেন।

পরে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে হীরা মিয়াকে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এবং উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকেই সম্ভাব্য আইনি পদক্ষেপ ও গ্রেপ্তার এড়াতে বাড়ির মালিক অনীল টুডুসহ গ্রামের অধিকাংশ পুরুষ বাসিন্দা এলাকা ছেড়ে চলে গেছেন। এতে আদিবাসী পল্লীটি কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, ঘরের জানালা ভেঙে চুরির প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া নামে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad