Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৯ মিনিট আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন, অপর ভাই আহত

চিরিরবন্দরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন, অপর ভাই আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন। আজ (১২ মে) মঙ্গলবার ভোর ৬ টার দিকে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছে। নিহতরা হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের বাবা দুলু মিয়া (৭০) এবং তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। আহত হাবিল হোসেন (৩০) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এরই জেরে মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব নিজ বাড়িতে বাবা দুলু মিয়ার শয়নকক্ষে প্রবেশ করে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বুকের উপর ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তির অংশীদারিত্বের ভাগাভাগি  নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে বাবা দুলু মিয়ার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় কাবিল হোসেনকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর  কুন্দল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর ভাই হাবিলও হামলায় আহত হন। ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত সাদিকুল ইসলাম ও শাকিব পালিয়ে যায়।

ওসি মাহমুদুল নবী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad