
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন ও কেয়ার বাংলাদেশের আয়োজনে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও অভিযোজন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার জগলুল রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (ফিল্ডঅপারেশন) খন্দকার জাহিদ সারোয়ার, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, মোল্লাচর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সমন্বয়কারী মো. আশরাফুল আলম।
মেলায় দুর্যোগ সম্পর্কিত তথ্য-উপাত্ত ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় বিষয় সমূহ তুলে ধরে ২০টি স্টল স্থাপন করা হয়। পাশাপাশি নাটিকা প্রদর্শনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ঝুঁকিহ্রাসে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করে।
এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, মুসলিম এইড, এসকেএস ফাউন্ডেশন, ব্র্যাক, ওডিএসডি, ফ্রেন্ডশিপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থা মেলায় অংশ নেয়। মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে। তারা বিভিন্ন স্টল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং আয়োজন করা নাটিকা উপভোগ করেন।