
অনলাইন ডেস্ক ►
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তিনতলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার সংলগ্ন পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পোস্ট অপারেটিভ রুমসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনের তীব্রতায় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে পুরো হাসপাতালে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনরা জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আতঙ্কে কয়েকজন রোগী ও স্বজন তিনতলার জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে চারটি এবং পরবর্তীতে আরও ছয়টিসহ মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উদ্ধারকাজ চলাকালে ফায়ার সার্ভিসের কর্মীসহ বেশ কয়েকজন নার্স ও রোগী আহত হয়েছেন। আহত নার্স রিপা ও শারমিনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুম ও জরুরি ওটি বিভাগের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।