
অনলাইন ডেস্ক ►
রাজধানীতে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ শেষ হচ্ছে। ৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন। আজ রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জেলা প্রশাসকদের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
সম্মেলনের বিভিন্ন অধিবেশন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সরকার আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। বিগত বছরগুলোতে এই খাতে যে দুর্নীতি হয়েছে, তা তদন্ত করা হবে এবং ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি ডিসিদের নির্দেশ দেন যেন তারা জনগণকে সঙ্গে নিয়ে সরকারি কর্মসূচি বাস্তবায়ন করেন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, বর্তমানে দেশে কোনো পরিকল্পিত লোডশেডিং নেই। কারিগরি কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হলেও দ্রুত তা মেরামত করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা বিষয়ক অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম সিভিল ও মিলিটারি প্রশাসনের মধ্যে সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাম্প্রতিক নির্বাচনের সফলতার জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান এবং দুর্যোগ বা যেকোনো জরুরি প্রয়োজনে সামরিক বাহিনীর পক্ষ থেকে দ্রুত সহায়তার আশ্বাস দেন।
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জেলা প্রশাসকদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ডিসিদের ‘সরকারের প্রতিচ্ছবি’ হিসেবে অভিহিত করে বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার ও সেবা নিশ্চিত করতে প্রশাসনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের এটিই প্রথম আনুষ্ঠানিক সম্মেলন। সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং প্রশাসনিক সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।