Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৫ মিনিট আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নতুন মাইলফলক স্পর্শ

উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নতুন মাইলফলক স্পর্শ

দিনাজপুর প্রতিনিধি
উত্তরাঞ্চলে প্রথমবারের মতো সফলভাবে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) মেশিন স্থাপন করে চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। এ সাফল্যের মধ্য দিয়ে হৃদরোগ চিকিৎসায় প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। জানা যায়, নওগাঁ জেলার ধামুরাই হাট এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন (৬৮)-এর শরীরে সফলভাবে সিআরটি মেশিন প্রতিস্থাপন করা হয়। এটি উত্তরাঞ্চলের মধ্যে প্রথম সফল সিআরটি ইমপ্লান্টেশন হিসেবে বিবেচিত হচ্ছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) এ জটিল চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. মো. মেসবাহ-উল ইসলাম এই সফল অস্ত্রোপচার পরিচালনা করেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সিআরটি (Cardiac Resynchronization Therapy) হলো হার্ট ফেইলিউরের রোগীদের জন্য বিশেষ ধরনের উন্নত পেসমেকার, যা হৃদপিণ্ডের নিচের দুটি প্রকোষ্ঠ (ভেন্ট্রিকল)-এর কার্যক্রমে সমন্বয় ঘটিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক করে। ইন্টারভেনশনাল কার্ডিওলজি পদ্ধতির মাধ্যমে হৃদপিণ্ডের সঙ্গে এই ডিভাইস সংযুক্ত করা হয়।

এর ফলে রোগীর হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা বৃদ্ধি পায়, শ্বাসকষ্ট কমে, বুক ধড়ফড় ও ক্লান্তির মতো উপসর্গ হ্রাস পায় এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। রোগী মো. জামাল উদ্দিন মতবিনিময় সভায় জানান, সিআরটি মেশিন স্থাপনের পর তার শ্বাসকষ্ট, দুর্বলতা ও বুক ধড়ফড়ের সমস্যা অনেকটাই কমে গেছে। বর্তমানে তিনি আগের চেয়ে অনেক সুস্থ অনুভব করছেন। সভায় জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, “সিআরটি মেশিন স্থাপনসহ আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে এ হাসপাতাল থেকে অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। অভিজ্ঞ চিকিৎসক দল ও নিবেদিত কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলেই আমরা এই সাফল্য অর্জন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আশরাফুজ্জামান লিটন, হেলথ এডুকেশন কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বী, ম্যানেজার এএসএম আক্তার শামীম এবং পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্যরা। মতবিনিময় সভা শেষে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠায় রোগী মো. জামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad