
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রজিবা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকা থেকে রজিবা বেগম নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ স্বামী সুজাউল ইসলাম সুজাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত রজিবা বেগমের বাবার বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বামী সুজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ওই গৃহবধূর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।