
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দীর্ঘ দশ বছর ধরে স্থায়ীভাবে কোন সাব- রেজিষ্ট্রার না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিষ্ট্রার সপ্তাহে একদিন অথবা দুইদিন দলিল করার কারনে নানাভাবে মানুষজন হয়রানি এবং ক্ষতিগ্রস্থের শিকার হচ্ছেন। গভীর রাত পর্যন্ত দলিলকরাসহ অফিসের কার্যক্রম চলার কারনে অনেকে জমি বিক্রির টাকা নিয়ে চরম বিপাকের সন্মুখীন হচ্ছেন। সেই সাথে সরকারও বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।
অভিজ্ঞ মহলের দাবি, পনেরো ইউনিয়ন ও একটি পৌর এলাকা জুড়ে বিস্তৃত বৃহৎ এ উপজেলা গঠিত। গাইবান্ধার জেলার দ্বিতীয় বৃহত্তর উপজেলা এটি। তারপরও দীর্ঘ দিন থেকে জমি-জমা নিবন্ধনে স্থায়ী সাব-রেজিষ্ট্রার না থাকায় অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিষ্ট্রার দিয়ে চলছে অফিস। এতে করে জমা-জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। সপ্তাহে ২ দিন অফিস চলায় এবং যথা সময়ে সাব-রেজিষ্ট্রার অফিসে উপস্থিত হতে না পারায় দুর-দুরান্ত থেকে আগত জমা-জমি রেজিষ্ট্রি করতে আসা সাধারণ মানুষের অনেকে যথা সময়ে জমি দলিল করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে অনেকেই জরুরী প্রয়োজনে জমি বিক্রি করতে এসেও সময় মত অর্থ না পেয়ে চরম বিপাকে পড়ছেন। ভুক্তভোগী মো. ফরমান আলী বলেন, এত বড় উপজেলায় স্থায়ী সাব-রেজিষ্ট্রার না থাকায় তাদের এই ভোগান্তি বছরের পর বছর ধরেই চলছে। অন্য দিকে সপ্তাহে দুইদিন অফিস হওয়ায় সরকার প্রতিদিন যেখানে রাজস্ব পাওয়ার কথা, সেখানে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছেন। মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এ উপজেলায় যত দ্রুত সম্ভব একজন স্থায়ী সাব-রেজিষ্ট্রার পদায়ন একান্ত প্রয়োজন।
অন্য ভুক্তভোগী মো. আমজাদ হোসেন বলেন, ৪০ কিলোমিটার দূর কাপাসিয়া ইউনিয়ন থেকে এসে জমি বেচিকিনি করতে হয়। বাড়ী ফিরতে অনেক রাত হয়ে যায়। সেক্ষেত্রে টাকা পয়সার লেনদেন নিয়ে ভয়ভীতির মধ্যে চলাচল করতে হয়। সে জন্য স্থায়ী সাব-রেজিষ্ট্রার থাকলে প্রতিদিন জমি বেচিকিনি হবে। তখন আর রাত হবে না।
এ ব্যাপারে জেলা সাব-রেজিষ্ট্রার জহুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান সুন্দরগঞ্জের মতো একটি বৃহৎ উপজেলায় স্থায়ী সাব- রেজিষ্ট্রার অতীব জরুরী। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবগত করেছি। আশা করছি এ উপজেলায় স্থায়ী সাব-রেজিষ্ট্রার পদায়ন করা হবে। তবে হয়তো নতুন করে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ততা সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না।