
অনলাইন ডেস্ক ►
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের রণতরি মোতায়েনে বড় ধরনের পরিবর্তন এনেছে। দীর্ঘ ২৪০ দিন সমুদ্রে অবস্থানকারী বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে সরিয়ে সেখানে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নৌবাহিনী। এর পেছনে সরকারিভাবে নিয়মিত জাহাজ বদল বা রোটেশনের কথা বলা হলেও, পর্দার আড়ালে রয়েছে বড় ভূ-রাজনৈতিক জটিলতা।
লিংকনের নাবিকদের মানসিক চাপ, প্রয়োজনীয় রসদ ও পানির সংকট এবং নিরাপত্তাজনিত সমস্যা নিয়ে মার্কিন আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ এসব অভিযোগ খণ্ডন করেছে, তবুও বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় সমুদ্রে থাকলে যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ ও কার্যক্ষমতা কমে যায়। এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চরমে।
যুক্তরাষ্ট্র প্রণালিটির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও, ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। যুদ্ধের আগে এই পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হতো, যা এখন চরম সংকটের মুখে। একদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ দীর্ঘায়িত করার পরিকল্পনা এবং অন্যদিকে ইরানের কঠোর অবস্থান পুরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছে। শান্তি আলোচনার অচলাবস্থা না কাটলে এই রুদ্ধশ্বাস পরিস্থিতি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।