
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামে এক পেশাদার সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত সাপুড়ে সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
জানা যায়, আজ (৪ আগস্ট) মঙ্গলবার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে একটি পাতা খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই খেলায় চমক দেখানোর উদ্দেশ্যে আজাদুল গত সোমবার বিকেলে একটি নতুন বিষধর সাপ শিকার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে তিনি এই খেলাগুলোতে কলাগাছের ওপর সাপ পেঁচিয়ে রেখে মানুষের বিনোদন দিয়ে আসছিলেন। সোমবার বিকেলে নতুন ধরা সাপটিকে বশ মানানোর বা প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সাপটি তাকে দংশন করে।
বিষাক্ত সাপের ছোবলে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু ঝাড়ফুঁক বা ওঝার চিকিৎসায় কোনো কাজ হয়নি, শেষ পর্যন্ত রাতেই তার মৃত্যু হয়। একজন দক্ষ সাপুড়ে হয়েও নিজের শিকার করা সাপের দংশনেই প্রাণ হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।