Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে পাটচাষ সম্প্রসারণে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলছড়িতে পাটচাষ সম্প্রসারণে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলছড়ি প্রতিনিধি ►
সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ বিষয়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটচাষি ও কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল এবং দেশের অর্থনৈতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। পরিবেশবান্ধব ও বহুমুখী ব্যবহার উপযোগী এ সোনালি আঁশের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উন্নত জাতের চাষাবাদ এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগকে কাজে লাগিয়ে পাটখাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রশিক্ষণে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুণ দেবনাথ, ফুলছড়ি উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর এবং উপসহকারী পাট কর্মকর্তা মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ ও সঠিক পরিচর্যার মাধ্যমে পাটের উৎপাদন এবং গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে পাটের বহুমুখী ব্যবহার ও বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাটের উন্নত চাষাবাদ পদ্ধতি, পাটবীজ উৎপাদন, রোগবালাই দমন, আঁশের গুণগত মান উন্নয়ন এবং উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad