
আমিনুল হক, ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চরাঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্প -এর আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কমিটির সদস্যরা অংশ নেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, এসকেএস সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন, প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা এবং এরেন্ডাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, নদীভাঙন ও বন্যাপ্রবণ ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি।
বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় যে প্রভাব পড়ছে, তা মোকাবিলায় টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।