Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ৪৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ির চরাঞ্চলে কালবৈশাখীর তাণ্ডব ৪ শতাধিক পরিবারের বাড়িঘর লণ্ডভণ্ড

ফুলছড়ির চরাঞ্চলে কালবৈশাখীর তাণ্ডব ৪ শতাধিক পরিবারের বাড়িঘর লণ্ডভণ্ড

আমিনুল হক, ফুলছড়ি প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে কালবৈশাখীর তাণ্ডবে চার শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড় ও দমকা হাওয়ায় অনেক বাড়ির টিনের চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে কাঁচা ঘর। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টাসহ বিভিন্ন ফসলের। রাতভর আতঙ্কে ছিলেন চরাঞ্চলের বাসিন্দারা। রোববার দিবাগত মধ্যরাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও বজ্রসহ বৃষ্টিতে উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাঁধা, চৌমুহনী, চর চৌমুহনী, গুপ্তমনি, মধ্য খাটিয়ামারী এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের বুলবুলির চরসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের ভাষ্য, ঝড়ের সঙ্গে তীব্র বাতাস ও বজ্রপাত থাকায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে পড়ে বহু বসতঘর। মধ্য খাটিয়ামারী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, রাতের ঝড়ে আমাদের এলাকায় অন্তত ৫০টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের চাল উড়ে গেছে। ছোট ছোট শিশুকে নিয়ে অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। কাউয়াবাঁধা এলাকার কৃষক আব্দুল হালিম বলেন, ঝড় এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মিনিটের মধ্যেই ঘরের টিন খুলে যায়। আমার ভুট্টার ক্ষেত মাটির সঙ্গে লুটিয়ে পড়েছে। এখন কীভাবে ক্ষতি সামাল দেব বুঝতে পারছি না। 

এরেন্ডাবাড়ী ইউনিয়নের বুলবুলির চর এলাকার গৃহবধূ রহিমা বেগম বলেন, হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে দেখি ঘরের একপাশ ভেঙে পড়েছে। বাচ্চাদের নিয়ে খুব ভয় পেয়েছিলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে বিভিন্ন এলাকার আম, কাঁঠালসহ নানা গাছপালা ভেঙে পড়েছে। অনেক কৃষকের ভুট্টা ও অন্যান্য ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফজলুপুর ইউনিয়ন পরিষদের সদস্য ময়েজ উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পেলে দ্রুত তা দুর্গত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। 

ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল বলেন, ঝড়ে চরাঞ্চলের ৪ শতাধিক পরিবারের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছি এবং দ্রুত সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করছি। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad