
অনলাইন ডেস্ক ►
চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটের মাধ্যমে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসে ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
এদিকে, হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।