
নীলফামারী প্রতিনিধি ►
ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে। মাত্র এক মাসের মাথায় এই কর্মসূচি শুরু করা হয়েছে। অন্য কোনো প্রধানমন্ত্রীর পক্ষে এত দ্রুত এটা করা সম্ভবপর হতো না। সরকারের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমন মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমানের মতো নেতৃত্বই শুধু এত দ্রুত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর। তিনি এতটা আন্তরিক বলেই এটা সম্ভব হয়েছে। একই সাথে খাল খনন কর্মসূচিও শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ মার্চ এই কর্মসূচিরও শুভ উদ্বোধন করবেন তিনি। উত্তরাঞ্চল থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে ওইদিন প্রধানমন্ত্রী সৈয়দপুরে প্রথম পদার্পন করবেন। এপ্রিলের মধ্যে কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। ২৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে এসময় পানির সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।