
দিনাজপুরের নবাবগঞ্জের এই প্রথম বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে সফলতা পেয়েছেন তৌহিদুল ইসলাম।
সুলতান মাহমুদ, দিনাজপুর ►
পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কলেজপড়ুয়া তরুণ তৌহিদুল ইসলাম। মাত্র ১০ শতাংশ জমিতে ১৫ জাতের ৮৫টি আঙ্গুরগাছ লাগিয়ে পেয়েছেন সাফল্য। তাঁর বাগানে থোকায় থোকায় ঝুলছে লাল, কালো ও সবুজ রঙের মিষ্টি আঙ্গুর। শখের বসে শুরু করা এই উদ্যোগ এখন তাঁকে একজন সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত করে তুলেছে।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের বাসিন্দা তৌহিদুল। ২০২৪ সালে শখের বশে পাঁচটি আঙ্গুরের চারা রোপণের মধ্য দিয়ে তাঁর এই যাত্রা শুরু। প্রথম বছর গাছে ফল এলেও আঙ্গুরের স্বাদ টক হওয়ায় হতাশ হন তিনি। তবে ব্যর্থতায় থেমে না গিয়ে মিষ্টি আঙ্গুর উৎপাদনের কৌশল জানতে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমের সহায়তা নেন। নিজে নিজে চাষপদ্ধতি শেখার পাশাপাশি শুরু করেন নানা পরীক্ষা-নিরীক্ষা।এরপর চলতি বছর নতুন উদ্যমে বাগান গড়ে তোলেন তৌহিদুল।
চুয়াডাঙ্গার বিভিন্ন আঙ্গুরবাগান ঘুরে সংগ্রহ করেন ১৫ জাতের ৮৫টি চারা। বর্তমানে তাঁর বাগানে রয়েছে বাইকুনর, একেলো, গ্রিন লং, ক্রিপ্টো, কিলার, ভেলেজ, জরিনা, রাসুনিয়া, জয় সিডলেস, স্পিস, রেবেকা, ব্ল্যাক ম্যাজিক, টিকটক ও মার্সেল ফোর্সসহ বিভিন্ন জাতের আঙ্গুর।এরপর চলতি বছর নতুন উদ্যমে বাগান গড়ে তোলেন তৌহিদুল।
আঙ্গুরগাছের লতানো ডালপালা ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করেছেন উঁচু মাচা। নিয়মিত পরিচর্যা, সার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় যত্নের ফলে এবার বেশ কিছু গাছে ভালো ফলন এসেছে। বাগানে ঢুকলেই চোখে পড়ে থোকায় থোকায় ঝুলে থাকা বিভিন্ন রঙের আঙ্গুর। স্বাদেও বেশ মিষ্টি হওয়ায় আশাবাদী তৌহিদুল।
তাঁর বাগানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিদিনই সেখানে ভিড় করছেন উৎসুক মানুষ। দূর-দূরান্ত থেকে অনেকে বাগান দেখতে আসছেন। কেউ আঙ্গুর চাষের পদ্ধতি সম্পর্কে জানতে চাইছেন, আবার কেউ সংগ্রহ করছেন চারা।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, ‘আমাদের এলাকায় আগে এভাবে আঙ্গুর চাষ করতে খুব একটা দেখা যায়নি। তৌহিদুলের বাগানে এসে বিভিন্ন জাতের আঙ্গুর দেখে ভালো লেগেছে। গাছে গাছে আঙ্গুর ঝুলছে, আবার সেগুলো খেতেও বেশ মিষ্টি। তরুণ ছেলেটি পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগ নিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। তাঁর সাফল্য দেখে এলাকার অন্যরাও আঙ্গুর চাষে আগ্রহী হতে পারেন।
একই গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণত আঙ্গুর বিদেশ থেকে আমদানি করা ফল হিসেবেই জানি। কিন্তু আমাদের এলাকার মাটিতেও যে এত সুন্দর ও মিষ্টি আঙ্গুর উৎপাদন সম্ভব, তৌহিদুলের বাগান না দেখলে বিশ্বাস হতো না। কৃষিকাজে তরুণদের এমন আগ্রহ বাড়লে এলাকার অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
তৌহিদুল বলেন, ‘শখের বসে কয়েকটি আঙ্গুরের চারা লাগিয়েছিলাম। প্রথমবার ফল হলেও আঙ্গুর টক হওয়ায় কিছুটা চিন্তায় পড়ে যাই। পরে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম থেকে মিষ্টি আঙ্গুর চাষের পদ্ধতি শিখি। এরপর চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন জাতের চারা এনে নতুন করে বাগান তৈরি করি। এবার গাছে বেশ ভালো ফলন হয়েছে এবং আঙ্গুরও অনেক মিষ্টি হয়েছে। আশা করছি, ভালো লাভ হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষ করার ইচ্ছা রয়েছে।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম বলেন, ‘মাহমুদপুর ইউনিয়নের কৃষক তৌহিদুল ইসলাম ১০ শতাংশ জমিতে প্রায় ৮৫টি আঙ্গুরগাছ রোপণ করে ভালো ফলন পেয়েছেন। আমরা নিয়মিত তাঁর বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। এ অঞ্চলে আঙ্গুর চাষ নতুন হলেও তাঁর সফলতা দেখে আরও কৃষককে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে আঙ্গুর চাষ এ এলাকার কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় আয়ের উৎস হতে পারে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন বলেন, তৌহিদুলের এই উদ্যোগ শুধু একটি আঙ্গুরবাগান গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি এলাকার তরুণদের কৃষিতে আগ্রহী করে তোলার একটি দৃষ্টান্ত। পরিকল্পিত পরিচর্যা, আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে নবাবগঞ্জে আঙ্গুর চাষের আরও বিস্তারের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার পাশাপাশি কৃষিকে ঘিরে তৌহিদুলের এই স্বপ্ন এখন এলাকার অন্য তরুণদেরও নতুন করে ভাবতে শেখাচ্ছে।