
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
গাইবান্ধার মাস্টার পাড়ায় এসকেএস হাসপাতাল সংলগ্ন এসকেএস আই হাসপাতাল ২০২৫ সালের জুলাই হতে ২০২৬ সালের জুন পর্যন্ত এই এক বছরে ৩০৫০ জন চক্ষুরোগীকে বিনা খরচে ডাক্তার দেখানো, প্রয়োজনে অপারেশন, ওষুধ সরবরাহ ও চশমা দিয়ে রোগীদের স্বাভাবিক দৃষ্টিতে ফিরিয়ে এনেছে।
চক্ষুরোগীদের এই চিকিৎসা বাবদ তাদের যাতায়াত, থাকা-খাওয়া, পরীক্ষা-নীরিক্ষা করার পর চোখের ছানী অপারেশনসহ সবকিছুই বিনা খরচে করে দেওয়া হয়েছে বলে এই চক্ষু হাসপাতালের ম্যানেজার খলিলুর রহমান জানান।
এসকেএস আই হাসপাতাল থেকে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে চোখের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ছানী অপারেশন করা প্রয়োজন এমন রোগীদের জন্য প্রায়ই চক্ষুক্যাম্পের আয়োজন করা হয়। তাই এই চক্ষুক্যাম্পের মাধ্যমেই রোগীদের চিহ্নিত করবার পর এসকেএস আই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা, ছানী অপারেশনসহ বাকী চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
কোনো রোগী যদি মনে করে যে তার আর্থিক সমস্যা আছে এবং বিনা খরচে এসকেএস আই হাসপাতাল থেকে চিকিৎসা নিতে চায় তবে তাদের চক্ষুক্যাম্পের মাধ্যমে আসতে হবে। এই চক্ষু ক্যাম্প বা চোখের চিকিৎসা নেওয়ার জন্য এসকেএস আই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ০১৭১৩-৪৮৪৪২৪ নাম্বারে ফোন করে সকল তথ্য জানা যাবে বলে এই হাসপাতালের কর্তৃপক্ষ জানান।
চোখের চিকিৎসা নিতে এসে সুস্থ হয়েছেন এবং আগের মতো সবকিছু দেখতে পান এমন একজন এসেছিলেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুরের নুরজাহান বেগম (৬০), স্বামী মজিবুর রহমান। তিনি বলেন, ‘আমি ধরে নিয়েছিলাম এই বয়সে হয়তো চোখ আর ভালো হবে না। এখানে এসে একেবারে বিনা খরচে পরীক্ষা করে ছানী অপারেশনের পর আমি আগের মতো সব পরিষ্কার দেখতে পাই’।
গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের ৭০ বছরের বৃদ্ধ ফেরদৌস আকন্দ চোখের ছানী অপারেশন করে বলেন, এতো তাড়াতাড়ি যে আমি বিনা খরচে দৃষ্টি ফিরে পাবো তা ভাবতেই পারি নাই। তিনি বলেন, গাইবান্ধায় এত উন্নত চিকিৎসা আমি ভাবতেই পারি নাই।