Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আসিফ

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক ►

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ গ্লোবাল-এর সম্পাদক ও প্রকাশক আশরাফুল কবির আসিফ। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

আশরাফুল কবির আসিফ ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলার শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আবদুল্লাহেল কবির রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়। শহরের সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে বেড়ে ওঠেন তিনি। মহল্লার আল আমিন স্কুলে তাঁর শিক্ষা জীবনের শুরু। এরপর তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়ে বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করেন। ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শহীদ হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। 

২০০৬ সালে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় দৈনিক যায়যায়দিনে সাব এডিটর হিসেবে যোগ দেন আসিফ। পাশাপাশি আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তাঁর লেখা বিভিন্ন কলামও নিয়মিত প্রকাশিত হতো। এরপর বৈশাখী টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ২০০৭ সালে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বৈশাখী টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যরাতের লাইভ টক শো ‘সিডিএল সংবাদ সারাদিন’-এর অন্যতম উপস্থাপক ছিলেন। ২০০৮ সালের শেষ দিকে আরটিভিতে যোগ দেন আশরাফুল কবির আসিফ। সেখানে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন টক শোতে অতিথি হিসেবেও অংশ নেন। 

২০১০ সালের ১৫ মে এটিএন বাংলায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। সেখানে পরবর্তী সময়ে দুই দফায় পদোন্নতি পেয়ে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত এটিএন বাংলায় কর্মরত ছিলেন আসিফ। ওই বছর এটিএন বাংলা কর্তৃপক্ষ তাঁকে ‘শ্রেষ্ঠ বার্তা সম্পাদক’-এর পুরস্কার দেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ গ্লোবাল-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন আশরাফুল কবির আসিফ। 

সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও সক্রিয় তিনি। ২০১৭ সালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রংপুর বিভাগ সমিতি, ঢাকার তিনটি কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক এবং পরবর্তী দুই মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad