
পিআইডি রংপুর ►
রংপুরের মাহীগঞ্জ ও তাজহাট থানা এলাকায় তদারকি অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় বুধবার (৯ই সেপ্টেম্বর) মাহীগঞ্জ থানাধীন মন্দিরা মধ্যপাড়া ও তাজহাট থানার বাবুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন চিলিং সেন্টার, ফিড ও মাংসের দোকান পরিদর্শন করা হয়।
অভিযানে রংপুরের মাহীগঞ্জ মন্দিরা মধ্যপাড়া এলাকার মোঃ এনামুল হকের ছেলে সাগর দুধ বিক্রেতা-কে দুধে ক্যামিক্যাল মিশ্রন করে ভেজাল দুধ প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার টাকা এবং তাজহাট থানার বাবুপাড়া এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের জন্য নিউ স্বাদ বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরোপিত মোট ৭৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।