.jpg)
নিজস্ব প্রতিবেদক ►
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। তারা আরও বলেন, নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষিত, দক্ষ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।