
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশি অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ শুক্রবার (১ মে) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহম্মাদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে সীচা ও পাঁচপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সাথে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হাবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং একই ইউনিয়নের সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বার হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহম্মাদ আমানুল্লাহ জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।