
অনলাইন ডেস্ক ►
দুই বাংলার প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম সম্প্রতি রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জানান, সংগঠনটি কেবল সংগীত চর্চায় সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধানে এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেও কাজ করছে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে সংস্কৃতি ছড়িয়ে দিতে জেলাভিত্তিক নিবিড় প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।
এছাড়া লিলি ইসলামের সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘উত্তরায়ণ’ এখন একটি পূর্ণাঙ্গ একাডেমিতে পরিণত হয়েছে, যেখানে গান, নাচ, ছবি আঁকা ও ক্যারাতেসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি মনে করেন, আজকের দিনে বিদ্যালয়গুলোতে সংগীত শিক্ষক রাখা অত্যন্ত জরুরি, কারণ সংগীত শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।