Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫২ মিনিট আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রঙিন পোস্টারে ষাটের দশক বদলে দেওয়া পিটার ম্যাক্স আর নেই

রঙিন পোস্টারে ষাটের দশক বদলে দেওয়া পিটার ম্যাক্স আর নেই

অনলাইন ডেস্ক ►

সাইকেডেলিক ও বর্ণিল শিল্পকর্মের মাধ্যমে ষাটের দশকের মার্কিন হিপ্পি আন্দোলনের সাংস্কৃতিক চেতনার মূর্ত প্রতীক হয়ে ওঠা কিংবদন্তি শিল্পী পিটার ম্যাক্স প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৮ বছর বয়সে ম্যানহাটনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মহাকাশ, নক্ষত্র, শান্তি এবং প্রকৃতির বিমূর্ত রূপকে উজ্জ্বল রঙের বিন্যাসে ফুটিয়ে তোলাই ছিল পিটার ম্যাক্সের অনন্য বৈশিষ্ট্য। ষাট ও সত্তরের দশকে তাঁর তৈরি পোস্টারগুলো হয়ে উঠেছিল তরুণ প্রজন্মের আভিজাত্য ও বিদ্রোহের সমার্থক। বিটলস, জিমি হেনড্রিক্স ও মিক জ্যাগারের মতো সংগীত জগতের মহারথীদের সঙ্গে তাঁর ছিল নিবিড় বন্ধুত্ব, যা তাঁর শিল্পকর্মকেও প্রভাবিত করেছিল।

পিটার ম্যাক্সের শিল্প কেবল গ্যালারিতে সীমাবদ্ধ ছিল না; তিনি বিশ্বাস করতেন শিল্প যেন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হতে পারে। তাঁর নকশা করা শিল্পকর্ম উড়োজাহাজ, ক্রুজ শিপ, বিছানার চাদর থেকে শুরু করে সাঁতারের পোশাক-প্রায় ৭০ ধরনের বাণিজ্যিক পণ্যে শোভা পেয়েছে। সমালোচকরা বিষয়টিকে শিল্পের বাণিজ্যিকীকরণ বলে অভিহিত করলেও ম্যাক্সের স্পষ্ট জবাব ছিল, তিনি চান সাধারণ মানুষ যেন তাঁর শিল্পকর্মের আনন্দ উপভোগ করতে পারে।

১৯৩৭ সালে বার্লিনে জন্মগ্রহণকারী পিটার ম্যাক্স চীন ও ইসরায়েল হয়ে অবশেষে নিউইয়র্কে স্থায়ী হন। ১৯৮৭ সালে নিউইয়র্কে বড় একটি প্রদর্শনীর মাধ্যমে তিনি আবারও শিল্পজগতে সরব হয়ে ওঠেন। পরবর্তীতে তাঁর কাজে ইমপ্রেশনিস্টিক বা পরাবাস্তব ধারার প্রভাব স্পষ্ট হয়। স্ট্যাচু অব লিবার্টি থেকে শুরু করে সুপার বোল, ফিফা বিশ্বকাপ, অলিম্পিক এবং ন্যাসকার রেসিং-বিশ্বের বড় বড় সব আয়োজনে তাঁর শৈল্পিক ছোঁয়া ছিল অনন্য। এমনকি বিল ক্লনিটন এবং রোনাল্ড রিগ্যানের মতো ব্যক্তিত্বরাও তাঁর শিল্পের ভক্ত ছিলেন।

ব্যক্তিজীবনে কর ফাঁকির মতো বিতর্ক থাকলেও, তিনি শিশুদের শিল্পের শিক্ষা দিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টাও করেছিলেন। জীবনের শেষপ্রান্তে এসে আলঝেইমার ও ডিমেনশিয়ায় আক্রান্ত হন এই শিল্পী। পিটার ম্যাক্সের রেখে যাওয়া শিল্পের উত্তরাধিকার, তাঁর দয়া ও মানুষের জীবনে আনন্দ ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পপ্রেমীদের মাঝে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad