Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৫ মিনিট আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাকিবের ভাঙা বাড়িতে সংস্কারকাজ, দেশে ফেরা নিয়ে আলোচনা

সাকিবের ভাঙা বাড়িতে সংস্কারকাজ, দেশে ফেরা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক ►
সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কিছুদিন ধরেই দোতলা বাড়ির ভাঙা জানালা, প্রধান ফটকসহ আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামত করছেন শ্রমিকরা। এর পর থেকেই প্রশ্ন উঠেছে, সাকিব কি তাহলে দেশে ফিরছেন? এ ছাড়া এক পডকাস্টেও বাংলাদেশি অলরাউন্ডার জানিয়েছিলেন, এ বছরের মধ্যে দেশে ফিরতে পারেন তিনি। সব মিলিয়ে এখন মাগুরায় শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার ঘটে। তার প্রায় এক মাস পর শুরু হয়েছে সংস্কারকাজ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে সাকিবের বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েকজন শ্রমিক ভাঙা জানালা মেরামতের কাজ করছেন। বাড়ির বিভিন্ন অংশেও সংস্কারকাজ চলছিল। তবে শ্রমিকরা জানেন না সাকিব দেশে ফিরছেন কিনা, কিংবা পরিবারের কোনো সদস্য বাড়িতে আসবেন কিনা। সংস্কার কাজের সময় সাবেক অধিনায়কের পরিবারের কোনো সদস্যকে বাড়িতে দেখা যায়নি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িটি অনেকটা অযত্নে পড়ে ছিল। বাড়ির বেশ কিছু জানালার কাচ ভাঙা থাকায় বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছিল। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এক মাস আগে সাকিবের বাড়িতে হামলার ঘটনা নিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে ঘটনায় কেউ আহত হননি।

প্রাথমিকভাবে লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। সেখানে সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

এ ছাড়া সাকিবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও মামলা-সংক্রান্ত বিষয়ও আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে সাকিব দেশে ফিরবেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা চলছে। তবে তার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad