
বাসস ►
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এই সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে।
জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার (লাইভ) করার জন্য তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।