
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধা গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা সোনারপাড়া এলাকায়, চকলেট দেয়া লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মজিবর রহমান(৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় শিশু কল্যাণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত মজিবর বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের অগোচরে ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি ভয়ে কান্নাকাটি করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে এবং ভুক্তভোগী পরিবারকে খবর দেয়৷ পরে এলাকাবাসী থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগী শিশুটির পিতা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মজিবরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।