
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে শ্রীশ্রী কান্তজিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌবিহারে নৌকা ডুবে স্বাক্ষর কুন্ডু টয় (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের সন্ধানে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। নিখোঁজ স্বাক্ষর কুন্ডু টয় দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সিন্টু কুন্ডু।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে কান্তজিউ যুগল বিগ্রহের নৌবহর যাত্রা শুরু করে। এ সময় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা বেলডাঙ্গী ঘাট এলাকায় উল্টে যায়। পরে নৌকাটি মাকলা সাহার ঘাট এলাকায় নদীতে ডুবে যায়। নৌকাটিতে আনুমানিক ১০ থেকে ১২ জন ছিলেন বলে জানা গেছে। নৌকা ডুবে যাওয়ার পর অন্যরা সাঁতরে ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হলেও স্বাক্ষর কুন্ডু টয়ের সন্ধান পাওয়া যায়নি। খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে ভিড় করেন স্থানীয়রা। পরে নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি শুরু হয়।
পুলিশ জানায়, নিখোঁজ যুবককে উদ্ধারে দমকল বাহিনী ও স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নৌকাটিতে থাকা ব্যক্তিদের সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস বাহিনী ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। তাঁর সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কান্তজিউ যুগল বিগ্রহের এই ঐতিহ্যবাহী নৌবিহার অনুষ্ঠিত হয়।
ঐতিহ্য অনুযায়ী কান্তনগর মন্দির থেকে নৌপথে কান্তজিউ বিগ্রহকে দিনাজপুর শহরের রাজবাড়ীতে নেওয়া হয়। এ উপলক্ষে নদীর দুই তীরে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। তবে এবারের নৌবিহারে নৌকাডুবির ঘটনায় উৎসবের আনন্দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজ স্বাক্ষর কুন্ডু টয়ের স্বজন ও স্থানীয়রা তাঁর সন্ধানের অপেক্ষায় রয়েছেন। ক্যাপশন কান্তজিউ মন্দির থেকে দিনাজপুর শহরের রাজবাড়িতে ঢেপা নদীর দিয়ে আসার পথে শ্রী শ্রীকান্তজিউ বিগ্রহ।